মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কালার প্রিন্টার প্রদান করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু থাকলেও কালার প্রিন্টার না থাকায় রোগীদের আল্ট্রাসনোগ্রাফি টেস্টের জন্য বাইরে যেতে হতো। মঞ্জু মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউল হক জিয়া প্রিন্টারটি প্রদান করেন।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঞ্জু মেমোরিয়াল ট্রাস্টের সহায়তায় এ প্রিন্টারটি বিতরণ করা হয়।
অধ্যাপক ডা. মো. জিয়াউল হক জিয়া বলেন, নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফি মেশিন থাকলেও প্রিন্টার না থাকার কারণে রোগীরা এ সেবা থেকে বঞ্চিত ছিল। চিকিৎসকদের আন্তরিকতা থাকলেও প্রিন্টারের অভাবে সঠিকভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানার পর আমেরিকাপ্রবাসী মঞ্জু মেমোরিয়াল ট্রাস্টের স্বত্বাধিকারী আনিছার রহমানের সহায়তায় একটি ইপসন কালার প্রিন্টার প্রদান করা হয়। এতে প্রত্যন্ত এলাকার গরিব, দুঃখী ও অসহায় মানুষ সহজে চিকিৎসাসেবা নিতে পারবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মো. মামুনুর রশীদ মোল্লা, শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা মো. আব্দুল বারী, নলডাঙ্গা পৌরসভার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নয়ন ইসলাম এবং সাবেক কাউন্সিলর মো. সমসের আলীসহ অন্যান্যরা।

