সর্বশেষ :
20 Oct 2026, Tue

নলডাঙ্গায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ

নলডাঙ্গায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত-মনোনীত মেয়র প্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা পৌরসভা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁদের আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জুলাইয়ের এই আন্দোলন কেবল কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না; এটি ছিল স্বৈরাচার, দুর্নীতি, বৈষম্য এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে এ দেশের ছাত্র-জনতার এক উত্তাল গণআন্দোলন। নিরস্ত্র ছাত্র-জনতা যেভাবে বুলেটের সামনে অটল সাহসে বুক পেতে দাঁড়িয়েছিল, তা বিশ্ব ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁদের এই অসীম সাহস ও রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মো. মামুনুর রশীদ মোল্লা, পৌর জামায়াতের আমির মো. আব্দুল বারী, উপজেলা জামায়াতের সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, পৌরসভা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম, সেক্রেটারি মো. নয়ন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *