পাঁচবিবি (জয়পুরহাট): মাননীয় জয়পুরহাট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দেওগ্রাম তিন রাস্তার মোড়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সিনিয়র এসআই শাখাওয়াত হোসেন ও এসআই আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মুকুল মিয়ার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ওসি মো. আসাদুজ্জামান আসাদ বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ মুকুলের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

