দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহীন (৪০) নামে এক ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। নিহত শাহীন নবাবগঞ্জ উপজেলার টিকরপুর গ্রামের মো. সিরাজের ছেলে। তিনি দোহার উপজেলার নারিশা এলাকায় একটি বালুর চাতালে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নারিশা এলাকার একটি বালুর চাতালে কাজ করার সময় একটি ট্রাক পেছনে নেওয়ার সময় অসাবধানতাবশত শাহীনের ওপর উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সংবাদ পেয়ে মধ্যরাতেই নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে যান।
এদিকে শাহীনের মৃত্যুর পর বালুর চাতালটির অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, রাস্তার পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব বালুর চাতাল যে কোনো সময় আরও প্রাণ কেড়ে নিতে পারে।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

