উত্তম কুমার সাহা (গাইবান্ধা): গাইবান্ধায় নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের যোগদান এবং বিশেষ কল্যাণ সভা ও বিদায়ী পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর (শনিবার) গাইবান্ধা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা ও বিদায়ী পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলার সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলার পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করা হয়। এসময় পুলিশ সদস্যরা অশ্রুসিক্ত নয়নে তাঁর পেশাদারিত্ব ও মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা বলেন, গাইবান্ধা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত গৌরব ও তৃপ্তির বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। এই পথচলায় আমার কোনো আচরণ বা কর্মকাণ্ডে কারও মনে কষ্ট বা ভুল বোঝাবুঝি হয়ে থাকলে আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে প্রত্যাশা করি।
তিনি সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন এবং গাইবান্ধাকে ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত জেলায় পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন। পরিশেষে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে গার্ড অব অনার প্রদান করে এবং জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করে নেয়।
এছাড়া নবাগত পুলিশ সুপার বিদায়ী পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার ইনচার্জ, বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন ও মতবিনিময় করেন। এসময় তিনি সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন মো. শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), এবিএম রশীদুল বারী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।

