সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচরের ছয় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ফরিদপুরের আনোয়ার হোসেন ভূঁইয়া

কুলিয়ারচরের ছয় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ফরিদপুরের আনোয়ার হোসেন ভূঁইয়া, কালের বার্তা

মুহাম্মদ কাইসার হামিদ (কিশোরগঞ্জ): হেমন্তের বিদায়ঘণ্টা বেজে উঠতেই কুয়াশার চাদর মুড়িয়ে ধীরে ধীরে আগমনী বার্তা দিচ্ছে শীত। গ্রামাঞ্চলে ইতোমধ্যে পড়তে শুরু করেছে ঠান্ডা হাওয়া; ভোরের ঘাসে জমছে শিশির কণা, বাইরে বের হলেই গায়ে কাঁপুনি। প্রকৃতির রূপবৈচিত্র্যে শীত যেমন আনছে অপূর্ব সৌন্দর্য্য, তেমনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবন হয়ে উঠছে আরো কঠিন। উপযুক্ত শীতবস্ত্রের অভাবে তারা মানবেতর দিনযাপন করে।

এই মানবিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের মানবিক ব্যক্তি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া ছয় শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। ২৯ নভেম্বর শনিবার দুপুর ২টার দিকে আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাদির, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. মাইন উদ্দিন, মো. নাঈমুজ্জামান নাঈম, মো. সবুজ মিয়া, ফরিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম খাজা, সাধারণ সম্পাদক মাহফুজ মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, সালুয়া ইউনিয়ন বিএনপি নেতা সাদেকুর রহমান সাদেক (মানবিক সাদেক) সহ কিশোরগঞ্জ জেলা, ভৈরব ও কুলিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জানা যায়, মো. আনোয়ার হোসেন ভূঁইয়া ঢাকার হোটেল সেরাটনসহ বিভিন্ন আন্তর্জাতিক হোটেলে মার্কেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এলাকায় সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের সেবায় দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন।

কম্বল বিতরণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, আল্লাহ আমাকে সুস্থ রাখলে প্রতি বছরই এভাবে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *