মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রামে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে আনুমানিক ১১টা থেকে ১২টা পর্যন্ত আমিরগঞ্জ বাজারের পাশ থেকে প্রায় ২০০ গজ দূরে মসজিদ ও গোরস্থানের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ। এ সময় পুকুর খননের কাজে ব্যবহৃত ৪টি ব্যাটারি জব্দ করা হয় এবং ভেকু (খননযন্ত্র)-এর বিভিন্ন মালামাল বিনষ্ট করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিক করিম হাজি মারা গেছেন। বর্তমানে তার তিন মেয়ে ওই জমিতে এলাকার ক্ষমতাসীন দলের নেতা মোঃ আশরাফুল ও শাহীনসহ বেশ কয়েকজন এ অবৈধ পুকুর খনন কার্যক্রম পরিচালনা করছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পুকুর খনন ও মাটিখেকোদের বিরুদ্ধে, যারা মাটি বিক্রয় করছে তাদের শাস্তির আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঔষধি গ্রামের ঔষধি জমি নষ্ট করে যারা অবৈধভাবে পুকুর খনন করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন সর্বক্ষণিক কঠোরভাবে অভিযান পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

