দোহার প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার উত্তর বানাঘাটা এলাকায় পারিবারিক কলহের জেরে প্রবাসী মেঝো ভাই আজাদ হোসেনের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে ছোট ভাই সুজন শেখের বিরুদ্ধে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে উত্তর বানাঘাটা মসজিদের ইমাম মৃত মজর আলী শেখের ছেলে সৌদি প্রবাসী আজাদ হোসেনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। এসময় ঘরে কেউ ছিলেন না। এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার জানান, দেবর সুজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কয়েক মাস আগে গাছ কাটাকে কেন্দ্র করে তাকে হুমকি দেন সুজন। আগুন দেয়ার আগের সন্ধ্যায়ও সুজনকে ঘরের সামনে দেখা গেছে বলে দাবি তার। তিনি অভিযোগ করেন, তালা ভেঙে আসবাবপত্রে আগুন দিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে তার দেবর।
প্রবাসীর মা রওশন আরা বেগম বলেন, ছোট ছেলে সুজন ও তার স্ত্রী উৎশৃঙ্খল। এর আগেও তুচ্ছ ঘটনায় তাকে মারধর করা হয়েছে। প্রতিবেশী লায়লা বেগম জানান, ভোরে আগুন দেখতে পেয়ে বাড়িতে আসেন। তখন ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে অভিযুক্ত সুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানান।
দোহার থানার ওসি মো. হাসান আলী বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, মামলা প্রক্রিয়াধীন।

