দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা কুলছুম বেগমের দুর্নীতির অভিযোগের তদন্তের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) প্রথমে বিদ্যালয়ের ভেতরে এবং পরে গেটের বাইরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা প্রায় এক বছর ধরে অনুপস্থিত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুল তহবিলের অর্থ আত্মসাৎ, বেঞ্চ ও পানির ট্যাংক চুরি সহ ৭৫টিরও বেশি সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ এনেছে। তারা দ্রুত এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষিকা কুলছুম বেগম দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। এছাড়াও, তিনি গরীব ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ করা হয়েছে।
সুমাইয়া আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, “আমরা চাই প্রশাসন আমাদের অভিযোগগুলো খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নিক।”
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে শান্ত করে এবং শ্রেণিকক্ষে ফিরিয়ে নিয়ে যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে প্রধান শিক্ষিকা কুলছুম বেগম বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

