কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় সাগীর (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সাগীর রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। প্রায় চার মাস আগে তিনি তার স্ত্রী ও এক সন্তানকে নিয়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
সাগীরের স্ত্রী টিনা জানান, সকালে তার স্বামী দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পরেই স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন যে, পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগীরের ঘাড়ে আঘাত করে তাকে হত্যা করেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

