মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর নোওয়াজের বাড়ি গ্রামের মৃত মো. রোকন উদ্দিনের ছেলে মো. ফেদু মিয়া (৫৫) অটোরিকশা চালিয়ে কোনোমতে সংসার চালিয়ে আসছিলেন। প্রায় এক মাস আগে তার অটোরিকশাটি ছিনতাই হয়ে গেলে গত ২৬ অক্টোবর সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হয়।
তা দেখে একই গ্রামের সাবেক দুবাইপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক মো. মস্তো মিয়া, মালয়েশিয়া প্রবাসী হাজী মো. খুরশিদ আলম এবং স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আতিকুল ইসলাম ওই অটোরিকশা চালককে কীভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে পরামর্শ করেন। তারা সিদ্ধান্ত নেন প্রবাসী ও স্থানীয়দের সহায়তায় অসহায় ফেদু মিয়াকে একটি নতুন অটোরিকশা কিনে দেবেন।
পরবর্তীতে তারা তিনজন মিলে কয়েকজন প্রবাসী ও এলাকার মানুষের আর্থিক সহায়তায় ১ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ফেদু মিয়ার হাতে একটি অটোরিকশা এবং নগদ ১৬ হাজার টাকা তুলে দেন।
গত ১ ডিসেম্বর সোমবার সকাল ৯টার দিকে ফেদু মিয়ার নিজ বাড়িতে গিয়ে তার হাতে অটোরিকশা ও নগদ টাকা তুলে দেন ইউপি সদস্য মো. আতিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক দুবাইপ্রবাসী মো. মস্তো মিয়া ও সাবেক দুবাইপ্রবাসী মো. কাজল মিয়া প্রমুখ।
নতুন অটোরিকশা ও নগদ অর্থ পেয়ে মহাখুশি হন অটোরিকশা চালক ফেদু মিয়া। তার এ বিপদে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের জন্য দু’হাত তুলে দোয়া করেন তিনি।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষ্মীপুর বাজার থেকে যাত্রী নিয়ে পার্শ্ববর্তী আব্দুল্লাহপুর জগৎচর এলাকায় যাওয়ার পর যাত্রীবেশে থাকা ছিনতাইকারী ফেদু মিয়াকে পুলিশের কর্মকর্তার পরিচয় দিয়ে কৌশলে তার কাছ থেকে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।
ঋণের টাকায় কেনা পরিবারের একমাত্র আয়ের উৎস অটোরিকশাটি ছিনতাই হওয়ায় সর্বস্বান্ত হয়ে পড়েছিলেন অসহায় অটোরিকশা চালক ফেদু মিয়া।

