গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে সৈকত নামে এক যুবক নিহত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাইবান্ধা-সাঘাটা সড়কের ত্রিমোহিনী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ৩ ডিসেম্বর বুধবার দুপুরে সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ছুরিকাঘাতে নিহত সৈকত গাইবান্ধা জেলা শহরের মাস্টারপাড়ার আলি আহমেদের ছেলে। নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বেশ কিছুদিন ধরে শত্রুতা চলছিল। গতকাল রাতে শহর থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে রাস্তার পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সৈকত মাদক সেবন ও কারবারের দায়ে কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি জেল থেকে বের হয়ে কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল আলম গণমাধ্যমকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

