শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বাজারে নসিমন (ইঞ্জিনভ্যান) ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মীর মাহফুজুর রহমান (মুন্না) (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মীর মাহফুজুর রহমান (মুন্না) তালা সদরের খাজরা গ্রামের মীর মুজিবুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মীর মাহফুজুর রহমান (মুন্না) একটি কোম্পানির ইঞ্জিনভ্যানে করে মালামাল সরবরাহের কাজ করতেন। ঘটনার দিন তিনি কোম্পানির মালামাল পৌঁছে দিতে আঠারোমাইলের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে জাতপুর বাজার সংলগ্ন সড়কের পাশে রাখা খোয়া ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক মুন্না গাড়ির ভেতরে গুরুতরভাবে আটকা পড়েন।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

