সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে মৎস্য দপ্তরের অভিযান: ১৮০ কেজি জাটকা জব্দ ও বিতরণ

দোহারে মৎস্য দপ্তরের অভিযান: ১৮০ কেজি জাটকা জব্দ ও বিতরণ

দোহার (ঢাকা): জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ঢাকার দোহারে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে উপজেলার বিভিন্ন মাছের আড়ত ও বাজারে এই ঝটিকা অভিযান চালায় উপজেলা মৎস্য দপ্তর।

ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামানের দিক-নির্দেশনায় এবং দোহার উপজেলা মৎস্য অফিসারের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য দপ্তরের একটি বিশেষ দল ভোরের আলো ফোটার আগেই উপজেলার বড় বড় আড়ত ও মাছ বিক্রির পয়েন্টগুলোতে তল্লাশি শুরু করে। এসময় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে আড়তদার ও বিক্রেতাদের কাছ থেকে আনুমানিক ১৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব জাটকার বাজারমূল্য বেশ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। অভিযান শেষে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো স্থানীয় ৩টি মাদ্রাসা ও এতিমখানা এবং এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা জানান, জাটকা রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী জাটকা মজুত ও বিক্রি করছিল। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জাটকা নিধন বন্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এবং মৎস্য সম্পদ রক্ষায় উপজেলার প্রতিটি বাজার ও আড়তে এই বিশেষ অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *