শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তালা উপজেলা বিএনপির উদ্যোগে পাটকেলঘাটা বলফিল্ড মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হয়ে পাটকেলঘাটাকে থানায় রূপান্তরিত করেছিলাম। আমি কথা দিচ্ছি, আগামীতে সংসদ সদস্য হতে পারলে তালা উপজেলাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরিত করব।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ঢাকা-সহ বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তাদের সতর্ক করতে চাই- বাংলাদেশের জনগণ একটি নির্বাচিত সরকার দেখতে চায়। মব সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না। আমি কথা দিচ্ছি, তালা ও কলারোয়ার সব শ্রেণির মানুষকে নিরাপদে রাখব।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে মধ্য ও নিম্ন আয়ের পরিবারে নারী প্রধানকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে এবং প্রকৃত কৃষকদের ৫ হাজার টাকা করে কৃষি ভাতা দেওয়া হবে।
নির্বাচনী জনসভায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম শফীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেসা মিনি, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল রাজু এবং তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান প্রমুখ।
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থল দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

