দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার চৈতাবাতর এলাকাবাসী ও স্থানীয় সামাজিক সংগঠন ‘চৈতাবাতর যুব সমাজ’-এর যৌথ উদ্যোগে একটি মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ মে) স্থানীয় মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিগণ এবং স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা এবং এর সামাজিক কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে বিপথগামী করছে। বক্তারা চৈতাবাতর এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা থেকে মাদকের বিরুদ্ধে প্রশাসন ও যুবসমাজকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষে ‘চৈতাবাতর যুব সমাজ’-এর পক্ষ থেকে সভায় উপস্থিত অতিথি, মুরব্বি ও এলাকাবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

