পাঁচবিবি প্রতিনিধি: বিজিবির দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া রেলগেটে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় আটাপাড়া রেলগেটে মামলা প্রত্যাহার এবং নিরপরাধ দোকানদারের মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন আটাপাড়া রেলগেটের দোকান মালিক ও বাজার কমিটির সদস্যরা।
মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, গত ৮ মে আটাপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুর রশীদ ওষুধ কিনতে আব্দুল হাকিমের দোকানে আসেন। এ সময় তিনি ওষুধের দাম কম দিতে চাইলে হাকিমের ছেলে মো. আবু ইউসুফ ছাব্বির তা বিক্রি করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই বিজিবি সদস্য ‘তোমাকে দেখে নেব’ বলে চলে যান।
তারা আরও জানান, পরদিন রাত সাড়ে ১০টায় বাবা-ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বিজিবি সদস্যরা তাদের পথরোধ করে। এ সময় বিজিবি সদস্যরা নিজেদের পকেট থেকে নেশাজাতীয় ইনজেকশন বের করে তা উদ্ধারের দাবি করেন। আব্দুল হাকিম অভিযোগ করে বলেন, তাকে ও তার ছেলেকে আটাপাড়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও তার ছেলেকে গাড়িতে করে জয়পুরহাটে নিয়ে যাওয়া হয়। পরদিন মাদক মামলায় ছেলেকে জেলহাজতে পাঠানো হয়।
আব্দুল হাকিম বলেন, আমার নিরপরাধ ছেলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি চাই। তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী, যুবদল নেতা সাদ্দাম হোসেন, হোটেল শ্রমিক ইয়াদুল ইসলামসহ ইউসুফের বাবা-মা।
এ বিষয়ে আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

