গাইবান্ধা প্রতিনিধি : গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪৭ পুরিয়া হেরোইন, ২৭ পিস ইয়াবা, একটি ধারালো চাপাতি ও মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৭০০ টাকা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নির্দেশনায় এসআই নজরুল ইসলাম ও এএসআই হাবীবুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স গত রাতে নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের বাবলু মিয়ার পরিত্যক্ত ঘরে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির জন্য অবস্থান করছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে কুঞ্জ নাকাই গ্রামের মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে ১। মেহেদী হাসান সবুজ সরকার (৩৮), একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ২। আপেল মাহমুদ (৩০) এবং হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়া পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ৩। হুমায়ন কবীর (২৮)- কে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ৪৭ পুরিয়া হেরোইন, ২৭ পিস ইয়াবা, একটি ধারালো চাপাতি ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

