গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রাতে বিশেষ অভিযান চালিয়ে এজাহারনামীয় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কাটাবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জোবায়ের হোসেন গোলাপকে গ্রেপ্তার করতে তার বাড়ির সামনে পৌঁছায় পুলিশের একটি দল। এসআই শিবলী কায়েস মীর ও এসআই সেলিম রেজার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্রই গোলাপের সমর্থিত আওয়ামী লীগের প্রায় ৫০-৬০ জন নেতাকর্মী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২৭, তারিখ: ২৬/০১/২০২৬)। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং গত রাতে বিশেষ অভিযানে এজাহারনামীয় ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা সবাই কাটাবাড়ি ইউনিয়নের ১ নম্বর গ্রামের বাসিন্দা। তারা হলেন-
১. মো. নুরুজ্জামান (৩৫), পিতা: আলাউদ্দিন
২. মো. মানিক মিয়া (২০), পিতা: আলাউদ্দিন
৩. মো. সামিউল (২০), পিতা: সৈয়দ সোহাগ
৪. মো. হাবিবুর রহমান (৪০), পিতা: মৃত আসাদুল্লাহ
৫. মো. তাজুল ইসলাম (৩৫), পিতা: মৃত আজহার আলী
৬. মো. সুজন মিয়া (৪০), পিতা: মো. আলতাফ
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

