ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি বন বিভাগ বিলুপ্তপ্রায় একটি হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার করেছে। সোমবার বিকেলে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় একটি শকুনের খবর পেয়ে খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ হোসেনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিলুপ্তপ্রায় প্রজাতির শকুনটি উদ্ধার করে।
উদ্ধারের পর শকুনটিকে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা ও সেবা-যত্ন শেষে শকুনটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা।
এ সময় খাগড়াছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ হোসেনসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিনে উদ্ধারকৃত একটি হিল ময়না পাখি প্রকৃতিতে অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।

