উত্তম কুমার সাহা (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের পারগয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মহাতাব উদ্দিন সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদ।
ফারুক কবির আহমদ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। বহু চড়াই-উতরাই, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাঁর সুস্থতা জাতির প্রত্যাশা। আমরা আল্লাহর দরবারে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি, যাতে তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস রেজাউল করিম মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনামত হোসেন, সাপমারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজহারুল ইসলাম প্রধান, গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রয়েল, সাংগঠনিক সম্পাদক মোতাহার আলী, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক জহুরুল ইসলাম, সদস্য–সচিব হামিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য–সচিব রানু মণ্ডল বাবু, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা রতন, মুক্তার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রবিবার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

