গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে এবং সড়ক আইনে পৃথকভাবে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ১ ডিসেম্বর সোমবার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কৈশোরপুর ব্রিজের পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে এবং সড়ক আইনে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে দুজনকে জরিমানা করা হয়। এ সময় থানা পুলিশের একটি টিম, উপজেলা প্রশাসনের কর্মচারীরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার নদ-নদী ও আবাদি জমি হতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন কার্যক্রম চলমান রেখেছে কয়েকটি চক্র। উপজেলা প্রশাসনের এই অভিযানের প্রেক্ষিতে মাটি ও বালু খেকোদের কার্যক্রম নির্মূল করা সম্ভব হবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।

