ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড এবং গাড়ির স্টিকার প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে কার্ডের জন্য সশরীরে নয়, বরং অনলাইনে আবেদন করা বাধ্যতামূলক করা হয়েছে।
আগ্রহী সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন করবেন যেভাবে:
১. ওয়েবসাইটে প্রবেশ করে এনআইডি নম্বর, ইমেইল, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রাথমিক ধাপ শেষ করতে হবে। ২. মোবাইলে প্রাপ্ত ওটিপি (OTP) যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
আবেদনের ধাপসমূহ:
-
লগইন ও অবস্থান: রেজিস্ট্রেশন শেষে লগইন করে ব্যক্তিগত তথ্য দিতে হবে। জেলা বা উপজেলা পর্যায়ের সাংবাদিকদের ক্ষেত্রে বর্তমান অবস্থান (বিভাগ, জেলা, নির্বাচনী আসন ও থানা) উল্লেখ করা বাধ্যতামূলক।
-
মিডিয়া তথ্য: গণমাধ্যমের নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন নম্বর ও নিবন্ধনের প্রমাণপত্র যুক্ত করতে হবে। এছাড়া প্রতিষ্ঠানের অনুমোদিত সাংবাদিক তালিকায় আবেদনকারীর নাম কত নম্বরে আছে, তা নির্দিষ্ট ঘরে উল্লেখ করতে হবে।
-
গাড়ির স্টিকার: গাড়ির স্টিকার প্রয়োজন হলে প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘হ্যাঁ’ অপশন সিলেক্ট করতে হবে।
-
ফাইল আপলোড: সবশেষে অফিস আইডি কার্ড, ছবি, স্বাক্ষর ও এনআইডি’র কপি আপলোড করে আবেদন জমা দিতে হবে।
কার্ড সংগ্রহ:
আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কিউআর (QR) কোড সংবলিত একটি পিডিএফ কার্ড প্রদান করবে। এটি প্রিন্ট করেই সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহের আইনি অনুমোদন পাবেন।

