ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে বুধবার (০৩ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এতে প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পৌর টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (জেলা ম্যাজিস্ট্রেট) হাসান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের, জেলা পরিষদ সমাজসেবা কার্যালয়ের আহ্বায়ক সাথোয়াই প্রু চৌধুরী এবং বিশিষ্ট সমাজকর্মী রবি শংকর তালুকদার।
সভায় বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে এবং ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন সুবিধা প্রদান করে সহযোগিতা করে যাচ্ছে সরকার। আগামীতে সরকার গঠন হলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা উপপরিচালক (ভারপ্রাপ্ত) রোকেয়া বেগম, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. নাজমুন আহসানসহ নয়টি উপজেলার কর্মকর্তারা।
শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণের পাশাপাশি জেলা ও উপজেলার মোট ৬৬ জন প্রতিবন্ধীর মাঝে ২৩ লাখ ৭৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। এছাড়াও ৬ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ৪৫ হাজার ২০৮ টাকা প্রদান করা হয়।

