ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান সামাজিক উৎসব বড়দিন উদযাপিত হচ্ছে আজ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে সারা বিশ্বের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বড়দিনের উৎসবে মেতে উঠেছেন খ্রিস্টধর্মের অনুসারীরা।
শুভ বড়দিন উপলক্ষে সকালে খাগড়াছড়ি সদরস্থ খাগড়াপুর গির্জার পালক হেমঙ্কর ত্রিপুরা ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। ঝলমলে গির্জায় বাহারি সাজে সেজে খ্রিস্টধর্মের অনুসারীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
খাগড়াপুর গির্জার অনুষ্ঠান আয়োজক কমিটি জানায়, আজ ঈশ্বর যীশু খ্রিস্টের জন্মদিন। এ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, কার্টুন প্রদর্শনীর পাশাপাশি এতিম শিশু ও সব বয়সী মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এই দিনটিতে আমরা সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করি।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর সেনা জোন-এর উপ-অধিনায়ক মেজর রিয়াজুল হাসান বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় খাগড়াপুর এলাকার খ্রিস্টধর্মের অনুসারী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

