কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের ৪৯ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র্যাব-১০)।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গত বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের খোলামোড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল খোলামোড়া এলাকার একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করে। একই সঙ্গে তিনজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হাসিনা বেগম (৪৮), স্বামী- মৃত রিপন মিয়া; হেনা আক্তার (৩০), স্বামী- ইছাহাক মিয়া এবং মোসা. রুবি (৩২), স্বামী- সাব্বির মিয়া। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দরইন গঙ্গানগর এলাকায় বলে জানায় র্যাব।
এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ ৫৪ হাজার ৫২০ টাকা এবং একটি ছোট ডিজিটাল নিক্তি উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে শরীরে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে তাদের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুব সমাজকে রক্ষায় ‘মাদক নির্মূলে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-১০ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

