ছোনট বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
এ সময় তিনি বলেন, জেলা পরিষদ কোনো ব্যক্তি বা দলের নয়, এটি খাগড়াছড়ির গণমানুষের প্রতিষ্ঠান। পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও পর্যটনসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া হবে। দুর্গম এলাকার মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে পরিষদ গুরুত্ব দিয়ে কাজ করবে। উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের বৈষম্য না করে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে।
একই সঙ্গে জেলার সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, নতুন পরিষদের সদস্য এম এন আবছার, মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টুসহ পরিষদের নবনিযুক্ত সদস্য ও জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

