আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে ‘দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও মানবতাবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণরা নজরুলকে জানবে ও অনেক কিছু শিখবে। তাঁর গান-কবিতায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই লাল, নীল ও সাদা বেলুন মুক্ত আকাশে উড়িয়ে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন করেন ইউএনওসহ অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আ. হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংগীতশিল্পী এম আই মিঠুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

