সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদে অবরোধ- থমথমে পরিস্থিতি, মোতায়েন বিজিবি

খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদে অবরোধ- থমথমে পরিস্থিতি, মোতায়েন বিজিবি

খাগড়াছড়ি: পাহাড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’-এর ব্যানারে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আজ, রোববার (২৮ সেপ্টেম্বর), সকাল থেকে চলছে। অবরোধের কারণে খাগড়াছড়ি শহরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং অধিকাংশ দোকানপাটও বন্ধ দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

অবরোধকে কেন্দ্র করে গতকাল শনিবার পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন দুপুরে সদর উপজেলা, পৌরসভা এলাকা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে। তবে পাহাড়িদের অভিযোগ, ১৪৪ ধারা জারির পরও তাদের ওপর হামলা হয়েছে। এর প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য এই অবরোধের ডাক দেওয়া হয়।

 

জুম্ম ছাত্র-জনতা তাদের অবরোধ কর্মসূচি পালনে নিম্নলিখিত চার দফা দাবি জানিয়েছে-

১. ধর্ষণের ঘটনায় জড়িত অন্য দুই আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

২. জুম্ম ছাত্র-জনতার সমাবেশে হামলাকারীদের বিচার করতে হবে।

৩. হামলায় আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

৪. হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।

জুম্ম ছাত্র-জনতার মুখপাত্র দ্বীপায়ন ত্রিপুরা জানিয়েছেন, অবরোধ চলাকালীন জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হবে।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন জানিয়েছেন, বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোথাও কোনো পিকেটিং দেখা যায়নি। তবে, উপজেলার কিছু এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়েছে।

 

গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযুক্ত শয়ন শীলকে পুলিশ আটক করেছে এবং তাঁকে ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

এই ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানসহ অন্যান্য স্থানেও প্রতিবাদ কর্মসূচি চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *