সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো নয়দিনব্যাপী রথ উৎসব

খাগড়াছড়িতে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো নয়দিনব্যাপী রথ উৎসব

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি বাজারস্থ শ্রীশ্রী রাধা বন্ধুবিহারী মন্দিরের আয়োজনে উল্টো রথ মহোৎসব উপলক্ষে এক ধর্মসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুঁইয়া।

ধর্মসভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী রাধা বন্ধুবিহারী মন্দিরের অধ্যক্ষ শ্রী সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী।

ধর্মসভা শেষে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুঁইয়া উল্টো রথযাত্রার উদ্বোধন করেন। ভগবান শ্রীজগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর সুসজ্জিত রথ খাগড়াছড়ি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীশ্রী রাধা বন্ধুবিহারী মন্দিরে গিয়ে শেষ হয়।

রথযাত্রার বর্ণাঢ্য এ আয়োজনে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন। রথকে কেন্দ্র করে পূজা-অর্চনা, প্রার্থনা, ভজন-কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন নানা বয়সী নারী-পুরুষ ও শিশুরা। পুরো এলাকা ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই শ্রীশ্রী রাধা বন্ধুবিহারী ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের সূচনা হয়, যা কেন্দ্রীয় লক্ষ্মী-নারায়ণ মন্দিরে গিয়ে শেষ হয়। এরপর নয় দিনব্যাপী কেন্দ্রীয় লক্ষ্মী-নারায়ণ মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথ উৎসবের সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, শান্তি, সম্প্রীতি ও সবার মঙ্গল কামনায় প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আনন্দঘন পরিবেশে রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *