সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির বাগজানায় জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

পাঁচবিবির বাগজানায় জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা মাস্টারপাড়া মন্দির কমিটির আয়োজনে ভক্তি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রার শুভ সূচনা হয়। রথটি বাগজানা বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে ফিরে আসে। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ যাত্রাকে ভগবান জগন্নাথের ‘মাসির বাড়ি’ যাওয়া ও সেখান থেকে ফিরে আসা হিসেবে বিবেচনা করা হয়।

রথযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধসহ সব বয়সী ভক্তরা অংশ নেন। রঙিন শাড়ি, কপালে তিলক এবং হাতে প্রসাদ নিয়ে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত পরিবেশে ভক্তরা রথের রশি টানেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও জগন্নাথ মন্দির থেকে রথে করে প্রভুকে প্রতীকীভাবে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে পুনরায় শ্রীমন্দিরে ফিরিয়ে আনা হয়। এটি আমাদের ধর্মীয় বিশ্বাস ও আনন্দের অন্যতম উৎসব।

রথযাত্রায় অংশ নেওয়া একাধিক ভক্ত বলেন, ঈশ্বর যেন সবার মঙ্গল করেন এবং প্রতিটি পরিবারে শান্তি ও সমৃদ্ধি দান করেন- এই প্রার্থনা নিয়েই আমরা রথযাত্রায় অংশ নিয়েছি।

ধর্মীয় উৎসবের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচবিবি থানা পুলিশের দুটি পিকআপ ও একটি মোটরসাইকেল টহল দল দায়িত্ব পালন করে। পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে রথযাত্রা সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *