পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নাকুরগাছী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি নাকুরগাছী এলাকার মো. সমির উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (৩৮)।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, হাফিজুলের স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও তিনি নিজেকে হিজড়া পরিচয়ে ট্রেন, বাস, হাট-বাজারে অর্থ সংগ্রহ করতেন। তাদের আরও দাবি, তাঁর বাসায় একদল হিজড়া নিয়মিত অবস্থান করতেন এবং সেখানে অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মাদক ব্যবসাও পরিচালিত হতো। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে পৃথকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে ডিবি কার্যালয়ের এসআই শাখওয়াত হোসেন, এসআই মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই মো. সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় হাফিজুলের বাড়ির দক্ষিণ পাশ থেকে তাঁর হেফাজতে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে জেলাব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

