আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে কোদাল হাতে নিজেই রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েছেন স্থানীয় ইউপি সদস্য আমিনুর ইসলাম আমু। মেম্বারের জনকল্যাণমূলক এমন উদ্যোগ দেখে অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন।
আটাপুর ইউনিয়নের রামপুরা গ্রাম থেকে তুলসীগঙ্গা নদীর সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ সময় মোটরসাইকেল, সাইকেল, ভ্যান, রিকশা, এমনকি পায়ে হেঁটেও চলাচল করা যায় না।
এই রাস্তাটুকুর কারণে জয়পুরহাটের পাঁচবিবি ও দিনাজপুরের হিলি-হাকিমপুর উপজেলার মধ্যে যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। রামপুরা থেকে সেতু পর্যন্ত এক কিলোমিটার রাস্তা এবং হাকিমপুর অংশের রাস্তাটি পাকা করা হলে দুই উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এতে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে।
এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে ইউপি সদস্য আমু মেম্বার নিজ খরচে মেসি ট্রাকে করে অন্যত্র থেকে মাটি এনে রাস্তায় ফেলছেন। একই সঙ্গে তিনি নিজেই কোদাল হাতে শ্রমিকদের সঙ্গে মাটি কাটা ও সমান করার কাজ করছেন, যাতে রাস্তাটি চলাচলের উপযোগী হয়।
স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ কুজুর ও লক্ষীরাম মুর্মু বলেন, ছোটবেলা থেকেই রাস্তাটির বেহাল অবস্থা দেখে আসছি। বর্ষাকালে কাদা-পানির কারণে চলাচল করা যায় না। আমাদের অনেক কষ্ট হয়। আমাদের মেম্বার আমু নিজের টাকায় রাস্তায় মাটি দিচ্ছেন। এতে আগামী বর্ষায় আমাদের কষ্ট কম হবে বলে আশা করছি।
ইউপি সদস্য আমিনুর ইসলাম আমু বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি বারবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। তাঁদের সুখে-দুঃখে পাশে থাকাই আমার দায়িত্ব। সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবেই নিজ অর্থায়নে রাস্তায় মাটি ফেলে চলাচলের উপযোগী করছি। সাধ্যমতো ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।
মেম্বারের এমন উদ্যোগে খুশি এলাকাবাসী।

