সর্বশেষ :
22 Oct 2026, Thu

নলডাঙ্গায় বিজয় দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

নলডাঙ্গায় বিজয় দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

মনিরুল ইসলাম ডাবলু (নাটোর): নাটোরের নলডাঙ্গায় বিজয় দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) উৎসবের শেষ দিনে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫৯টি পূজামণ্ডপে আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয় বিজয় দশমী।

ছয় দিনব্যাপী এ উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসব। উৎসব চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জোরদার নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি নাটোর-২ (নলডাঙ্গা-সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারি দলের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্দেশনায় নলডাঙ্গা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের প্রতীক। সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।

এদিকে, বিজয় দশমী উপলক্ষে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় দশমী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরেন।

সার্বজনীন এ দুর্গোৎসবের মধ্য দিয়ে নলডাঙ্গায় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে উঠেছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *