শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): “মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ ইজলামারী বিওপির টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার জামাইপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ১০৬৬/২-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১৩২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয় বিজিবি।
জব্দ করা ভারতীয় মদ রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংস করার উদ্দেশ্যে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি মহাপরিচালক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

