দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় একটি স্বর্ণের দোকানে চুরির চেষ্টার অভিযোগে এক নারী ও তার স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দোহারের জয়পাড়া বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত নারী হলেন ভাবনা আক্তার এবং তার স্বামী নিরব।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাবনা আক্তার নামে ওই নারী ক্রেতা সেজে জয়পাড়া বাজারের একটি স্বর্ণের দোকানে প্রবেশ করেন। স্বর্ণালংকার দেখার এক পর্যায়ে তিনি কিছু গহনা চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দোকানের মালিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে হাতেনাতে ধরে ফেলেন।
আটকের পর ওই নারী নিজেকে দোহার উপজেলার বাংলাবাজার এলাকার নিরবের স্ত্রী এবং সাববাজার এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে বলে পরিচয় দেন। তার দেওয়া তথ্যে স্বামী নিরব ঘটনাস্থলে এলে ব্যবসায়ীরা তাকেও আটক করেন।
পরে এই দম্পতিকে জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুন্নবী ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

