সর্বশেষ :
20 Oct 2026, Tue

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান সানোয়ার মোল্লা গ্রেপ্তার

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান সানোয়ার মোল্লা গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সানোয়ার হোসেন মোল্লা গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র এসআই রকিব উদ্দিন জনির নেতৃত্বে এসআই আলহাজ আলী, কনস্টেবল ইমরান ও কনস্টেবল সোহেলসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো. সানোয়ার হোসেন মোল্লা দূর্বাচারা এলাকার মৃত মোসলেম মোল্লার ছেলে। তিনি উজানগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইউসুফ শেখ হত্যা মামলার ৫ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ওই মামলাসহ একাধিক মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মধ্যে বেলা সাড়ে ৩টার দিকে ইউসুফ শেখ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনের নূর টেইলার্স গলির ভেতরে পৌঁছালে এজাহারভুক্ত আসামিরা তাকে দেখে ধাওয়া করেন। এরপর আসামিরা তাকে গুলি করেন। অন্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে নিহত ইউসুফ শেখের মেয়ে মোছা. সীমা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ৭৫ জনকে এজাহারভুক্ত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। উক্ত মামলায় গ্রেপ্তারকৃত মো. সানোয়ার হোসেন মোল্লা ৫ নম্বর এজাহারভুক্ত আসামি।

এছাড়া আরও জানা যায়, মো. সানোয়ার হোসেন মোল্লার বিরুদ্ধে ইবি থানা ও কুষ্টিয়া মডেল থানায় হত্যা, হত্যাচেষ্টা, ভাঙচুর ও লুটপাটসহ একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র এসআই রকিব উদ্দিন জনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইউসুফ হত্যা মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *