সর্বশেষ :
20 Oct 2026, Tue

কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুকের দাফন সম্পন্ন

কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুকের দাফন সম্পন্ন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): দি ডেইলি ভয়েজ অব এশিয়া পত্রিকার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুকের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের আরব আলীর চক বাজারে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় বড় ছয়সূতী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

নামাজে জানাজায় অংশগ্রহণ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার সুমন মোল্লা, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দিন মোর্শেদ নিজামী বাবুল, সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন রতন, সমকাল প্রতিনিধি মোহাম্মদ হারুন চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিন, সাংবাদিক লোকমান হোসাইন, মো. সালাহ উদ্দিন, সজীব আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আহমেদ ফারুক ১৮ জানুয়ারি (রোববার) বিকাল ৩টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি পাঁচ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য সহকর্মী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, কুলিয়ারচর প্রেসক্লাবের আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ আলম, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার সুমন মোল্লা, ভৈরব প্রেসক্লাবের আহ্বায়ক মোস্তাফিজ আমিন, সদস্য সচিব সোহেলুর রহমান, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিন ও সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শরীফুন নেছা শুভ্রা পৃথকভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আহমেদ ফারুক ঢাকার সবুজবাগ এলাকার লক্ষ্মীগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আব্দুল জব্বার এবং মাতার নাম মরহুমা আনোয়ারা জব্বার। তাঁর পৈতৃক বাড়ি নরসিংদী জেলার বেলাবো উপজেলার উজিলাব বেস্তি বাড়ি গ্রামে। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ধুপাখালী ফকির বাড়ি গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন এবং সেখানেই স্বপরিবারে ভোটার হন। স্ত্রীর মৃত্যুর পর তিনি ছেলেদের সঙ্গে বসবাস করতেন।

সর্বশেষ ঢাকায় এক ছেলের বাসায় অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে গত ১১ জানুয়ারি তাঁকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৮ জানুয়ারি রোববার বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

কর্মময় জীবনে তিনি জাতীয় দৈনিক বাংলাবাজার, দৈনিক যায়যায়দিন, দি ডেইলি নিউজ টুডেসহ আরও একাধিক জাতীয় ও ইংরেজি দৈনিকে কাজ করেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন মরহুমের বড় ছেলে, কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্র প্রতিনিধি ও দৈনিক ইনকিলাব পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি আহমেদ সিফাত।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *