সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে সাকিব হাসান (পাভেল)

কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে সাকিব হাসান (পাভেল)

বিশেষ প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভায় পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ব্যানার, পোস্টার ও বিলবোর্ড সাঁটিয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। এর মধ্যে পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ সাংবাদিক ও রাজপথের লড়াকু রাজনৈতিক ব্যক্তিত্ব সাকিব হাসান (পাভেল), ওরফে শেখ নওয়াজ শরীফুল ইসলাম (পাভেল)। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ইতোমধ্যে তিনি ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।

১৯৮৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণকারী সাকিব হাসান (পাভেল) পূর্ব গাইলকাটা মহল্লার বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রয়াত সিনিয়র সহ-সভাপতি ও প্রবীণ সাংবাদিক এস.এ.এম. আব্দুস সাদেকের সন্তান। অত্র এলাকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে একজন শিক্ষিত ও যোগ্য নেতৃত্বের যে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, পাভেল তার একটি উজ্জ্বল উদাহরণ। ব্যক্তিগত জীবনে তিনি একজন সদালাপী, সমাজসেবক এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত।

তিনি কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (বাণিজ্য), কুলিয়ারচর সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি (বাণিজ্য) ও বিএসএস (সমাজবিজ্ঞান) সম্পন্ন করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জের সরকারি আদমজী নগর এম.ডব্লিউ. কলেজ থেকে এমএসএস (সমাজবিজ্ঞান) ডিগ্রি অর্জন করে ব্যবসায় আত্মনিয়োগ করেন। একজন পেশাদার ও তরুণ সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন। এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তার লেখনী সবসময় সোচ্চার থেকেছে।

তৃণমূল থেকে উঠে আসা এই নেতা ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি দীর্ঘ সময় ধরে জনগণের অধিকার রক্ষায় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তিনি কুলিয়ারচর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের প্রথম বর্ষের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দ্বিতীয় বর্ষে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কুলিয়ারচর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্য ছিলেন। বর্তমানে তিনি কুলিয়ারচর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কাউন্সিলর পদপ্রার্থী সাকিব হাসান (পাভেল) বলেন, ৪ নং ওয়ার্ডের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি এই ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যুবসমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে আমি এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন সাংবাদিকতা ও রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করেছি, এবার ব্যালটের মাধ্যমে আপনাদের প্রতিনিধি হয়ে সেবার পরিধি আরও বাড়াতে চাই। আমি দলমত নির্বিশেষে ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাকিব হাসান (পাভেল) একজন উচ্চশিক্ষিত, মার্জিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। একজন তরুণ সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এলাকার উন্নয়ন, মাদক নির্মূল এবং তরুণ সমাজের কর্মসংস্থানে তিনি অগ্রণী ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

ভোটারদের মতে, সাকিব হাসান (পাভেল) ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে একজন যোগ্য প্রার্থী। তার প্রার্থিতা ঘোষণার পর ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ৪ নং ওয়ার্ডে সাকিব হাসান (পাভেল)-এর প্রতি জনসমর্থনের জোয়ার ততই দৃশ্যমান হয়ে উঠছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *