সর্বশেষ :
19 Oct 2026, Mon

দুর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা টাঙাল যুবদল

দুর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা টাঙাল যুবদল

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোল্লার রশিদপুর বাজার থেকে বিনধারা যাওয়ার পাকা সড়কের একটি ব্রিজের অনেকাংশ ভেঙে বড় গর্ত সৃষ্টি হওয়ায় তা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাতের বেলায় সেখানে কোনো আলো বা সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি।

গত রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম দলীয় কাজে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আইনুল মণ্ডলের বাড়িতে যাওয়ার পথে ভাঙা ব্রিজটি তার নজরে আসে। তিনি গাড়ি থেকে নেমে জনসাধারণের ঝুঁকিপূর্ণ চলাচলের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ভাঙা স্থানে সতর্কীকরণ হিসেবে লাল কাপড়ের নিশানা টাঙানোর নির্দেশ দেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতির নির্দেশে যুবদল নেতা মো. নয়ন প্রধানের নেতৃত্বে কয়েকজন দলীয় কর্মী ভাঙা ব্রিজের দুই পাশে গাছের ডালপালা ও লাল কাপড়ের নিশানা টাঙিয়ে দেন। এ কাজে মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইমানুর রহমানও সহযোগিতা করেন।

স্থানীয়রা জানান, ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে পথচারী, রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চালকেরা দিনের বেলায় ঝুঁকি নিয়ে চলাচল করলেও রাতের অন্ধকারে দুর্ঘটনার আশঙ্কায় থাকেন।

যুবদল নেতা নয়ন প্রধান বলেন, জনদুর্ভোগ লাঘব ও দুর্ঘটনা প্রতিরোধে আমাদের রাজনৈতিক অভিভাবক উপজেলা বিএনপির সভাপতি এবং আগামী পাঁচবিবি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম ডালিমের নির্দেশে আমরা যুবদলের নেতাকর্মীরা জনস্বার্থে সাময়িকভাবে এ উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্রিজটি মেরামত করে যান চলাচলের উপযোগী করার দাবি জানান।

নয়ন প্রধান আরও বলেন, আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *