সর্বশেষ :
19 Oct 2026, Mon

কারচুপির ম্যাচে আউট বিসিবি, এবার ব্যাট হাতে তামিমের অ্যাডহক দল

কারচুপির ম্যাচে আউট বিসিবি, এবার ব্যাট হাতে তামিমের অ্যাডহক দল

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রমাণ পাওয়ার দাবি করেছে তদন্ত কমিটি। এ প্রেক্ষাপটে বর্তমান কমিটি ভেঙে দিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে চিঠি পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পাশাপাশি সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটি জানায়, সর্বশেষ বিসিবি নির্বাচনে একাধিক অনিয়ম ও গঠনতন্ত্র লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময়সীমা অযৌক্তিকভাবে বাড়ানো হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে অভিযোগ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, জেলা ও বিভাগীয় পর্যায়ে কাউন্সিলর নির্বাচনে চাপ প্রয়োগ করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার সম্পৃক্ততা ছিল। এছাড়া নির্বাচনে প্রভাব বিস্তারের লক্ষ্যে অ্যাডহক কমিটির সদস্যসংখ্যা বাড়ানো হয়েছিল বলেও উল্লেখ করা হয়।

ই-ভোটিং নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। নির্দিষ্ট স্থানে ভোটারদের এনে ভোট দিতে বাধ্য করা এবং সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট গ্রহণ করা হয়েছে, যা স্বাধীন ও গোপন ভোটের নীতির পরিপন্থি।

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সিইও নিজামুদ্দিন চৌধুরীর বক্তব্যেও অসঙ্গতি রয়েছে বলে জানায় তদন্ত কমিটি। সাবেক ক্রিকেটারদের কাউন্সিলরশিপ দেওয়ার মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে।

তদন্তে আরও বলা হয়, বিসিবি নির্বাচন বিধিমালা-২০২৫ অসম্পূর্ণ ও দুর্বল হওয়ায় অপব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। তাই সংবিধান সংস্কার, দায়িত্ব সুস্পষ্ট করা এবং স্বাধীন নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে কমিটি রোববার প্রতিবেদন জমা দেয়। এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এনএসসি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *