ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করা প্রবাসী বাংলাদেশি হারুন সরদার নুর নবী সরদার জিতে নিয়েছেন ভাগ্য বদলে দেওয়া বিশাল অঙ্কের লটারি। তিনি ‘বিগ টিকিট’ লটারির ই-ড্রতে জয় করেছেন ২০ মিলিয়ন দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকারও বেশি। খালিজ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (সেপ্টেম্বর মাসের গ্র্যান্ড প্রাইজ) আবুধাবিতে অনুষ্ঠিত ড্রতে ৪৪ বছর বয়সী এই প্রবাসীর ভাগ্যের চাকা ঘুরে যায়।
জানা গেছে, ২০০৯ সালে আরব আমিরাতে পাড়ি জমান হারুন সরদার। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি শারজাহতে ট্যাক্সিচালক হিসেবে কাজ করছেন। প্রবাস জীবনে প্রতি মাসেই তিনি নিয়মিতভাবে আবুধাবির বিগ টিকিট লটারি কিনে আসছিলেন। অবশেষে, এত বছর পর তার সেই অপেক্ষা শেষ হলো।
বিগ টিকিট লটারিতে শুধু হারুন সরদারই নন, আরও বেশ কয়েকজন প্রবাসীও পুরস্কার জিতেছেন। এই ড্রতে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের চারজন প্রবাসী প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে জিতেছেন।
এছাড়া, শারজাহতে বসবাসকারী আরেক বাংলাদেশি জিতেছেন একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি। ‘বিগ উইন কনটেস্ট’-এ ভারত ও বাংলাদেশের আরও চারজন প্রবাসী যথাক্রমে দেড় লাখ দিরহাম, ১ লাখ ১০ হাজার দিরহাম ও ৮৫ হাজার দিরহাম জিতেছেন।
এদিকে, অক্টোবর মাসের গ্র্যান্ড প্রাইজ হিসেবে আড়াই কোটি দিরহাম (২৫ মিলিয়ন দিরহাম) ঘোষণা করা হয়েছে, যার ড্র অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর। গ্র্যান্ড প্রাইজ ছাড়াও প্রতি সপ্তাহে পাঁচজন ভাগ্যবান লটারি জয়ী প্রত্যেকে পাবেন ২৪ ক্যারেটের আড়াইশ গ্রাম সোনার বার।

