ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা এলাকায় গ্রাম্য আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে জাকু মাতুব্বর (৫৫) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি উসমান খা (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাব। গত শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-১০ এবং র্যাব-৮ এর একটি যৌথ দল মাদারীপুর সদর থানাধীন কুনিয়ার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৮/০৯/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকায় সোনাখোলা এলাকায় কুতুব (৪৫) নামক এক ব্যক্তির ভ্যান নেওয়া সংক্রান্তে একটি গ্রাম্য সালিশ বসেছিল। সালিশ চলাকালীন সময়েই উসমান খা (৩৫) সহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতভাবে সেখানে উপস্থিতদের ওপর হামলা চালায়।
এই বর্বর হামলায় জাকু মাতুব্বর (৫৫) মারাত্মকভাবে আহত হন। দ্রুত তাকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও হামলায় শাহালী মাতুব্বর (৬০), সুমন মাতুব্বর (৩০), রোমান মাতুব্বর (১৬), বিজয় মাতুব্বর (১৬), মেহেদী মাতুব্বর (২২), সাদ্দাম মাতুব্বর (২২), উজ্জল মাতুব্বর (২৩), সাহবুদ্দিন মোল্লা (৩৫), রাকিব মাতুব্বর (২৫) এবং ইলাহী মাতুব্বর (৪৫) সহ অন্তত আরও ১০ জন আহত হন।
ঘটনার পর নিহত জাকু মাতুব্বরের স্ত্রী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন, যার প্রেক্ষিতে মামলা নং- ১৪, তারিখ- ২৯/০৯/২০২৫ খ্রি. রুজু করা হয় (ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪ পেনাল কোড, ১৮৬০)।
মামলাটির তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-১০, ঢাকা আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যায় র্যাব-১০ ও র্যাব-৮ এর সহযোগিতায় মাদারীপুর সদর থানাধীন কুনিয়ার হাট এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি উসমান খা (৩৫), পিতা- বালা খা, সাং- সোনাখোলা, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
সূত্র: Rapid Action Battalion-10

