বিনোদন ডেস্ক: অভিনয় জগতে ২৫ বছর পূর্ণ করার পর এবার পরিচালনা ও প্রযোজনায় নতুন এক দিগন্তে যাত্রা শুরু করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। একই সঙ্গে তিনি নিজের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ ফোর’-এর পরিচালনাভার হাতে নিয়েছেন এবং নিজস্ব প্রযোজনা সংস্থা এইচআরএক্স ফিল্মসের (HRX Films) ব্যানারে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন।
হৃতিক রোশন তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এইচআরএক্স ফিল্মসের মাধ্যমে প্রযোজক হিসেবে তার নতুন ইনিংস শুরু করছেন। জানা গেছে, এই ব্যানারে একটি বড় বাজেটের সামাজিক থ্রিলার ওয়েব সিরিজ নির্মিত হবে, যা জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে (Amazon Prime Video) প্রচারিত হবে। প্রায় তিন বছর ধরে অভিনেতা নিজে এই সিরিজটির ধারণা ও পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
প্রযোজনা এবং অভিনয়ের পাশাপাশি এবার হৃতিককে দেখা যাবে পরিচালকের আসনেও। জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ ফোর’-এর পরিচালনার দায়িত্ব তিনিই গ্রহণ করেছেন। এই ছবিতে হৃতিককে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃষ এবং মূল খলনায়ক হিসেবে।
এই নতুন কিস্তির গল্পে ‘টাইম ট্রাভেল’- এর মতো রোমাঞ্চকর উপাদান যুক্ত হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য ও প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে এর শুটিং শুরু হবে এবং সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অভিনয়, পরিচালনা ও প্রযোজনা- এই তিন ভূমিকাতেই এখন হৃতিক রোশন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার এই নতুন যাত্রা বলিউডে এক ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করছেন ভক্তরা।

