লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন দেখতে পান তারা। পরে স্থানীয় মসজিদের মাইকে বিষয়টি ঘোষণা করা হলে তাৎক্ষণিকভাবে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বাজারের দোকান ও বসতঘরসহ প্রায় ৫০টি স্থাপনা পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।
প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাঘমারা বাজারের অধিকাংশ দোকানপাট বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দোকান ও বসতঘরের ভেতরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। সবকিছু হারিয়ে অনেক ব্যবসায়ী খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তাদের দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী সাংবাদিকদের বলেন, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দুর্গম এলাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।

