ওমানে একই পরিবারের চার সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাঙ্গুনিয়া উপজেলায়। পরিবারের এক সদস্যের বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে একসঙ্গে বের হয়ে তারা প্রাণ হারান বলে জানা গেছে।
নিহতরা হলেন রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা চার ভাই- রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা দীর্ঘদিন ধরে ওমান-এ কর্মরত ছিলেন। তাদের মধ্যে দুইজনের আগামী কয়েক দিনের মধ্যেই দেশে ফেরার কথা ছিল।
স্থানীয় সূত্র জানায়, পরিবারের এক ভাইয়ের বিয়েকে কেন্দ্র করে কেনাকাটার জন্য চার ভাই একসঙ্গে গাড়ি নিয়ে বের হন। পরে ওমানের মুলাদ্দাহ এলাকায় একটি গাড়ির ভেতর তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দীর্ঘ সময় অবস্থানের কারণে বিষাক্ত গ্যাস জমে যাওয়া বা এসি-সংক্রান্ত কোনো ত্রুটির কারণে তারা মারা যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে তদন্ত ও ময়নাতদন্ত চলছে।
এ ঘটনায় রাঙ্গুনিয়ার লালানগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। পরিবারের সদস্যরা মরদেহ দেশে আনার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

