টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গী এলাকার মরকুন পূর্বপাড়ায় একটি নির্মাণাধীন সাততলা ভবন থেকে ফারুক হোসেন (৩৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি বর্তমানে টঙ্গী পূর্ব থানার মরকুন পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নির্মাণাধীন ভবনটির পাঁচ মালিকের একজন ছিলেন তিনি। ভবনের নিচতলায় অবস্থান করে নিয়মিত নির্মাণকাজ তদারকি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো একসময় ভবনের ষষ্ঠ তলার লিফট ওয়ালের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

