আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে পহেলা বৈশাখ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে জাতীয় সংগীত ও বৈশাখী গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এবং কেন্দ্রীয় জাসাসের সদস্য, ভাস্কর ও কণ্ঠশিল্পী এম আই মিঠুসহ আরও অনেকে।

