পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি শালপাড়া বাজারে এনজিও কর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিচারের আশায় ভুক্তভোগী এনজিও কর্মী ৪ জনের নামসহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে জয়পুরহাট থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহারে জানা যায়, জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) এনজিওর পাঁচবিবি শাখা থেকে ২০২৫ সালে জয়পুরহাট সদরের শেখপাড়ার মিনহাজুল ইসলাম তার স্ত্রী রহিমা বেগমের নামে ৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণের ৩ লাখ ৩০ হাজার টাকা কিস্তি পরিশোধ করলেও অবশিষ্ট টাকা পরিশোধে গড়িমসি করেন।
ঘটনার দিন মিনহাজুল ও রহিমা পাঁচবিবি শাখার ব্যবস্থাপক জাহিদুল ইসলামকে কিস্তির টাকা দেওয়ার কথা বলে বাড়িতে আসতে বলেন। অফিসের আরও দুই সহকর্মী সাইফুল ইসলাম ও আবু নাছের মুছাকে সঙ্গে নিয়ে তিনি সেখানে যান। এ সময় তাদের আটকে দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতন করা হয়।
বিষয়টি মুঠোফোনে এনজিওর হেড অফিসে জানালে আরও কয়েকজন স্টাফ সেখানে গেলে তাদেরকেও আটকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একই সঙ্গে অন্য গ্রাহকের নিকট থেকে আদায়কৃত ৭৫ হাজার টাকা কিস্তির অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে গভীর রাতে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে মিনহাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

