শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একই সঙ্গে শিশু জুনায়েদ (১৫) হত্যা মামলার ২ আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টায় সাব-ইন্সপেক্টর মোঃ ইমানুর রহমানের নেতৃত্বে একটি অভিযানে দল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক বিক্রয়ের অভিযোগে মোঃ শাকিল উদ্দিন রাসেল (৪০)-কে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত শাকিল উদ্দিন রাসেল ভুনবীর ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা। তল্লাশির সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, থানার পৃথক অভিযানে আলোচিত শিশু জুনায়েদ (১৫) হত্যা মামলার ২ আসামিসহ আরও ২ জন নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোট ৫ জনকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

